নাটোরের লালপুরে ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে এক নারীর কাছ থেকে ১ লাখ ৮০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেলসহ ১ লাখ ৭০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট সকাল ১১টার দিকে মোছা. জেসমিন নাহার (৪০) লালপুরের ডাচ-বাংলা ব্যাংক শাখা থেকে ১ লাখ ৮০ হাজার টাকা উত্তোলন করেন। পরে অটোরিকশাযোগে বাড়ি ফেরার পথে বৈদ্যনাথপুর গ্রামের যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রসংলগ্ন সড়কে ছিনতাইয়ের শিকার হন তিনি।
অভিযোগ অনুযায়ী, চলন্ত মোটরসাইকেলে থাকা দুই যুবক কৌশলে তার ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এ ঘটনায় জেসমিন নাহারের অভিযোগের ভিত্তিতে ৬ আগস্ট লালপুর থানায় মামলা দায়ের করা হয়। মামলার তদন্তভার দেওয়া হয় এসআই (নিরস্ত্র) মো. মনিরুল ইসলামকে।
পুলিশ জানায়, পুলিশ সুপারের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (বড়াইগ্রাম সার্কেল) ও লালপুর থানার ওসির তত্ত্বাবধানে তদন্ত শুরু করা হয়। পরে মেহেরপুর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সবুজ আলী (২০) ও সোহাগ আলী (১৯) নামে দুই যুবককে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারদের দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেল এবং লুণ্ঠিত ১ লাখ ৭০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
লালপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, ঘটনার পর দ্রুত অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়েছে এবং ছিনতাই হওয়া টাকার বড় অংশ উদ্ধার করা সম্ভব হয়েছে।



