কুড়িগ্রামের রৌমারীতে গৃহবধূ গোলাপি খাতুন হত্যা মামলার প্রধান আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বুধবার (৫ আগস্ট) ঢাকার সাভারের পৃথক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-মামলার প্রধান আসামি হাসিনুর রহমান (৪৬), আব্দুল মতিন (৪৫) ও রহমত আলী (৫৫)।
র্যাব-১৩ জানায়, গোলাপি খাতুন হত্যা মামলার তদন্তে গোয়েন্দা নজরদারি শুরু করা হয়। পরে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ঢাকার সাভারের দক্ষিণ রাজাশান এলাকায় অভিযান চালিয়ে প্রধান আসামি হাসিনুর রহমানকে গ্রেপ্তার করা হয়।
পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সাভারের আইচানোয়াদ্দা এলাকায় অভিযান চালিয়ে অপর দুই আসামি আব্দুল মতিন ও রহমত আলীকে গ্রেপ্তার করা হয়।
এর আগে গত ৩০ জুলাই কুড়িগ্রামের রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের পুরাতন যাদুরচর এলাকার একটি ডোবা থেকে গোলাপি খাতুনের মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ জানায়, নিহতের গলায় কংক্রিটের টুকরা বাঁধা ছিল।
এ ঘটনায় নিহতের ভাই বেলাল হোসেন বাদী হয়ে রৌমারী থানায় ১১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন।
র্যাব-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী জানান, গ্রেপ্তার তিন আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।



