রাজবাড়ীর সদর ও গোয়ালন্দ উপজেলায় পৃথক অভিযানে বিরল বিদেশি স্টার্লিং সাবমেশিনগান, একটি বিদেশি পিস্তল এবং ৩৪ রাউন্ড গুলিসহ নিষিদ্ধ সর্বহারা পার্টির দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০।
গ্রেপ্তাররা হলেন মো. মোমিন মোল্লা ও হাসান আলী বিশ্বাস। র্যাবের দাবি, তারা নিষিদ্ধ সর্বহারা পার্টির মঞ্জু-জাহাঙ্গীর গ্রুপের সঙ্গে সম্পৃক্ত।
বুধবার (৫ আগস্ট) সন্ধ্যা ও রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (৬ আগস্ট) রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে র্যাব-১০-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. আসাদুজ্জামান এসব তথ্য জানান।
র্যাব জানায়, প্রথম অভিযানে রাজবাড়ী সদর উপজেলার পাচুরিয়া ইউনিয়নের মহিষখোলা মোল্লাবাড়ী এলাকা থেকে মোমিন মোল্লাকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে একটি বিদেশি তৈরি স্টার্লিং সাবমেশিনগান, দুটি ম্যাগাজিন, ২৮ রাউন্ড তাজা গুলি এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
র্যাবের ভাষ্য অনুযায়ী, মোমিন মোল্লা সৌদি আরবপ্রবাসী। প্রায় এক মাস আগে দেশে এসেছিলেন এবং আগামী ১৩ আগস্ট তার সৌদি আরব ফিরে যাওয়ার কথা ছিল। উদ্ধার হওয়া স্টার্লিং সাবমেশিনগানটি অত্যন্ত বিরল ধরনের অস্ত্র বলেও জানিয়েছে র্যাব।
একই দিন রাতে গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের জলিল মেম্বার ব্রিজসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে হাসান আলী বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ছয় রাউন্ড তাজা গুলি, কয়েকটি দেশীয় অস্ত্র, চারটি মোবাইল ফোন এবং ১৫ হাজার ৩০০ টাকা জব্দ করা হয়।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজনের সর্বহারা পার্টির সঙ্গে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। অস্ত্রগুলোর উৎস, ব্যবহার এবং তাদের সহযোগীদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় অস্ত্র আইনে মামলা করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।



