গাইবান্ধা শহরের পুরাতন বাজার এলাকা থেকে ৫০ পিস ইয়াবাসহ আমিনুল ইসলাম ওরফে রায়হান নামে এক যুবককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শুক্রবার (৭ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে পুরাতন বাজারের পানপট্টি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আমিনুল ইসলাম গাইবান্ধা পৌরসভার সবুজপাড়ার আব্দুর রহমান ওরফে ইদ্রিস আলীর ছেলে।
পুলিশ জানায়, আমিনুল ইসলাম দীর্ঘদিন ধরে পুরাতন বাজার এলাকায় ইয়াবা বিক্রির সঙ্গে জড়িত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে পানপট্টি এলাকায় অভিযান চালিয়ে তাকে ৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
অভিযানের সময় উদ্ধার হওয়া ইয়াবা বিধি অনুযায়ী জব্দ করেছে পুলিশ।
এ ঘটনায় গাইবান্ধা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার ১০(ক) অনুযায়ী মামলা করা হয়েছে।



