পরীক্ষামূলক সংস্করণ

বাঁশখালীতে বন্যার্ত ১০০ পরিবারকে ঘরের চাবি দেবেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ি কর্মসূচি শেষে হেলিকপ্টারযোগে চট্টগ্রামের বাঁশখালীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাম্প্রতিক বন্যায় ঘর হারানো ১০০টি অসচ্ছল পরিবারের হাতে নতুন ঘরের চাবি তুলে দিতে রোববার (৯ আগস্ট) বাঁশখালী সফর করছেন তিনি।

দুপুর পৌনে ২টার পর বাঁশখালীর বাহারছড়া ইউনিয়নের সমুদ্রসৈকতসংলগ্ন এলাকায় তৈরি হেলিপ্যাডে প্রধানমন্ত্রীকে বহনকারী বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টার অবতরণ করে।

এর আগে সকালে প্রধানমন্ত্রী মহেশখালীর মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎকেন্দ্র এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) কর্মকাণ্ড পরিদর্শন করেন। মাতারবাড়ির কর্মসূচি শেষে দুপুরে তিনি বাঁশখালীতে পৌঁছান।

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই বাঁশখালীর বাহারছড়া সমুদ্রসৈকতসংলগ্ন সুধী সমাবেশস্থলে জনসমাগম শুরু হয়। উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে নেতাকর্মী ও সাধারণ মানুষ ব্যানার, ফেস্টুন ও স্লোগান নিয়ে সমাবেশস্থলে আসেন। দুপুরের আগেই বিশাল প্যান্ডেল পূর্ণ হয়ে যায়।

জানা গেছে, বাঁশখালী পৌরসভা ও উপজেলার নয়টি ইউনিয়ন থেকে ১০টি করে মোট ১০০টি অসচ্ছল পরিবারকে নতুন ঘরের জন্য নির্বাচন করা হয়েছে। প্রতিটি ঘরের দৈর্ঘ্য ১৮ ফুট ও প্রস্থ ১২ ফুট। ঘরগুলোতে দুটি কক্ষ এবং ৫ ফুট বাই ৫ ফুটের একটি সংযুক্ত শৌচাগার রয়েছে।

উপকূলীয় এলাকার প্রাকৃতিক দুর্যোগ বিবেচনায় ঘর নির্মাণে আরসিসি পিলার, কাঠ ও টিন ব্যবহার করা হয়েছে।

চাবি হস্তান্তর অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ১৫ জন প্রতিবন্ধী ব্যক্তি ও শিশুকে আর্থিক সহায়তার চেক দেওয়া হয়। পাশাপাশি জেলা প্রশাসনের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত আরও ২০০ পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

বাঁশখালীর কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী হেলিকপ্টারযোগে ফটিকছড়িতে যাবেন। সেখানে আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসায় গিয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করার কথা রয়েছে।

এরপর প্রধানমন্ত্রী হাটহাজারীতে যাবেন। সেখানে আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম মাদরাসা পরিদর্শন এবং সাবেক আমির আল্লামা আহমদ শফির কবর জিয়ারত করবেন।

পরে হাটহাজারী সরকারি কলেজ মাঠে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০টি পরিবারের মধ্যে ঘর নির্মাণের জন্য পরিবারপ্রতি ১ লাখ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। একই অনুষ্ঠানে প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যেও অনুদান বিতরণ করা হবে।

দিনভর কর্মসূচি শেষে সন্ধ্যায় প্রধানমন্ত্রী চট্টগ্রাম নগরীতে পৌঁছাবেন। সেখানে একটি অভিজাত হোটেলে চট্টগ্রাম মহানগর, চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির নেতাকর্মী এবং তৃণমূল প্রতিনিধিদের সঙ্গে সাংগঠনিক মতবিনিময় সভায় অংশ নেওয়ার কথা রয়েছে।

প্রধান খবর

এক্সপ্রেসওয়েতে যানবাহনের সংখ্যা গোপন করে রাজস্ব ফাঁকির অভিযোগ, দুদকের অভিযান

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যানবাহনের প্রকৃত সংখ্যা গোপন করে টোল আদায় ও রাজস্ব ফাঁকির অভিযোগে ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কোম্পানিতে অভিযান চালিয়েছে দুদক।

ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল করতে পারবে ইসি

ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন বা লঙ্ঘনের চেষ্টা করলে তদন্তের পর প্রার্থিতা বাতিল করতে পারবে নির্বাচন কমিশন। পাঁচ ধাপে ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে ভোট শুরু হবে ২০২৭ সালের ২১ জানুয়ারি।

বেকারত্ব সৃষ্টি করে এমন শিক্ষাব্যবস্থা থেকে বেরিয়ে আসতে হবে: রাষ্ট্রপতি

দেশের বিশ্ববিদ্যালয়গুলোর বৈশ্বিক র‍্যাংকিং উন্নয়ন এবং শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার বঙ্গভবনে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।

আসছে...