ঢাকার বোট ক্লাবে মারধর ও শ্লীলতাহানির অভিযোগে করা মামলায় চিত্রনায়িকা পরীমনির জেরা পিছিয়েছে। রোববার জেরার দিন থাকলেও যানজটে আটকে নির্ধারিত সময়ে আদালতে পৌঁছাতে পারেননি তিনি।
দুপুর আড়াইটার দিকে আদালত প্রাঙ্গণে পৌঁছান পরীমনি। তবে ততক্ষণে জেরার কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি।
ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯-এর বিচারক মোহাম্মদ সাহাদাত হোসেন ভূঁইয়া আগামী ৩০ নভেম্বর জেরার নতুন তারিখ দিয়েছেন।
পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত বিষয়টি নিশ্চিত করেছেন।
২০২১ সালের ১৪ জুন ছয়জনের বিরুদ্ধে মামলা করেন পরীমনি। পরে তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। ২০২২ সালের ১৮ মে নাসির ইউ মাহমুদ, তুহিন সিদ্দিকী অমি ও শাহ শহিদুল আলমের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।



