ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পুলিশের অভিযানে শুল্ক ফাঁকি দিয়ে আনা প্রায় দেড় লাখ পিস বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে। এ ঘটনায় পাচারের সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৮ আগস্ট) সন্ধ্যায় আশুগঞ্জের সোহাগপুর এলাকায় অভিযান চালিয়ে এসব সিগারেট জব্দ করা হয়। এ সময় পাচারকাজে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশাও জব্দ করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নরসিংদীর শিবপুরের হিমেল মিয়া, পলাশ উপজেলার মো. রাইসুল এবং ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের আব্দুল আউয়াল।
রোববার (৯ আগস্ট) দুপুরে আশুগঞ্জ থানা পুলিশের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে ১ লাখ ৪৪ হাজার পিস বিদেশি পারটন সিগারেট উদ্ধার করা হয়। শুল্ক ফাঁকি দিয়ে এসব সিগারেট দেশে আনা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে আশুগঞ্জ থানায় মামলা করা হয়েছে।



