চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার বহদ্দারহাট কাঁচাবাজার এলাকায় অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি হিসেবে পুলিশের উল্লেখ করা শহিদুল ইসলাম বুইশ্যারের দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৯ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন মো. নাঈম ইসলাম সাকিব (২৬) ও মো. রাহাত (২৪)।
চান্দগাঁও থানার উপপরিদর্শক (এসআই) হৃদয় মাহমুদ লিটন জানান, গ্রেপ্তার নাঈম ইসলাম সাকিব শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি শহিদুল ইসলাম বুইশ্যারের অন্যতম সহযোগী। তার বিরুদ্ধে চান্দগাঁও থানায় দুটি মামলা রয়েছে।
অন্যদিকে, রাহাতের বিরুদ্ধে ২০২২ সালে চান্দগাঁও থানায় একটি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
গ্রেপ্তার দুই আসামিকে গত ৭ আগস্ট দায়ের করা চান্দগাঁও থানার একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে সোমবার আদালতে পাঠানো হয়েছে।



