ঢাকার কেরানীগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৭০০ পিস ইয়াবাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি দক্ষিণ)। সোমবার (১০ আগস্ট) রাত ১০টা ৩৫ মিনিটের দিকে তারানগর ইউনিয়নের সিরাজনগর মধ্যপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-মানিকগঞ্জের সিংগাইর উপজেলার আব্দুল আওয়াল ঝন্টু (৪৫), নারায়ণগঞ্জের রূপগঞ্জের আমির হোসেন রনি (৪০), মানিকগঞ্জ সদর উপজেলার সেলিম ভান্ডারী (৪২), কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার মান্নান (৪২) এবং মানিকগঞ্জ সদর উপজেলার এজাজ (৪০)।
ঢাকা জেলা ডিবি (দক্ষিণ)-এর অফিসার ইনচার্জ রেজাউল করিম জানান, পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম খানের সহযোগিতায় ডিবির একটি দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে জাকির হোসেনের মার্কেটের সামনে পাকা সড়ক থেকে ৭০০ পিস ইয়াবাসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
ডিবি সূত্র জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে আদালতে সোপর্দ করা হয়েছে।



