শাড়ি নিয়ে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে করা মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন অভিনেত্রী তানজিন নাহার তিশা।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) আইনজীবীর মাধ্যমে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তানজিন তিশা। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন।
এর আগে গত ১২ জুলাই একই আদালত তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি করে তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।
আসামিপক্ষের আইনজীবী নিহার হোসেন ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, ২০২৫ সালের নভেম্বরে তানজিন তিশার বিরুদ্ধে মামলাটি করা হয়। পরে আদালতের নির্দেশে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তদন্ত করে প্রতিবেদন দাখিল করে। সম্প্রতি ডিবির দেওয়া প্রতিবেদন আদালত আমলে নিয়ে তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি করেন।
গত বছরের ৫ নভেম্বর একই আদালতে অ্যাপোনিয়ার ফ্যাশনের এক্সিকিউটিভ মো. আমিনুল ইসলাম মামলাটি করেন।
মামলার অভিযোগে বলা হয়, তানজিন তিশা পরিচিত মডেল, অভিনেত্রী ও টেলিভিশন উপস্থাপিকা। মিডিয়া ইন্ডাস্ট্রিতে কাজ করার সুবাদে তিনি অ্যাপোনিয়ার অনলাইন পেজে যুক্ত হন। সেখানে বিভিন্ন শাড়ি দেখার পর ২৮ হাজার ৮০০ টাকা মূল্যের একটি শাড়ি পছন্দ করেন। পরে শাড়িটি তার বাসায় পৌঁছে দেওয়া হয়।
অভিযোগ অনুযায়ী, শাড়িটি পরিধান করে অ্যাপোনিয়া পেজের প্রচারণায় সহযোগিতা করার জন্য তানজিন তিশাকে বিভিন্নভাবে অনুরোধ করা হয়। তিনি ভয়েস মেসেজ ও মেসেজের মাধ্যমে শাড়িটি পরে পেজ প্রচারে সহযোগিতার আশ্বাস দেন।
মামলায় আরও অভিযোগ করা হয়, তানজিন তিশা গত ১৮ জানুয়ারি শাড়িটি গ্রহণ করেন। তবে দীর্ঘ সময় পার হলেও তিনি শাড়িটি পরে পেজের প্রচারণা করেননি। পাশাপাশি ছয় মাসের বেশি সময় ধরে পেজ কর্তৃপক্ষের সঙ্গে কোনো যোগাযোগ রাখেননি এবং তাদের সঙ্গে কথোপকথন থেকেও বিরত ছিলেন বলে অভিযোগ করা হয়।
বাদীপক্ষের অভিযোগ, তানজিন তিশা প্রতারণার মাধ্যমে বিশ্বাসভঙ্গ করেছেন। মামলাটি আমলে নিয়ে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়। পরে আদালত অভিযোগের বিষয়ে ডিবি পুলিশকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
ডিবির তদন্ত প্রতিবেদন আদালত আমলে নেওয়ার পর তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি করা হয়। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন এই অভিনেত্রী।



