রাজধানীর দক্ষিণখান এলাকা থেকে বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ চারজনকে গ্রেপ্তার করেছে দক্ষিণখান থানা পুলিশ।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ এ তথ্য জানায়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-সাজু মজুমদার, অন্তর রহমান ওরফে অনু, পারভেজ ও বাবু ওরফে সেন্টু।
পুলিশ জানায়, পথচারীকে মারধর ও হত্যার উদ্দেশ্যে গুলি চালানোর ঘটনায় দায়ের করা মামলার তদন্তের সূত্র ধরে আসামিদের গ্রেপ্তারে অভিযান চালানো হয়। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ময়মনসিংহ ও জামালপুর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
পরে গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে দক্ষিণ আজমপুরের একটি বাসায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড তাজা গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়।



