ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে মেয়র পদে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির দুই শীর্ষ নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও নাসীরুদ্দীন পাটওয়ারীর ভোটার এলাকা পরিবর্তনকে ঘিরে নতুন নির্বাচনি সমীকরণ তৈরি হয়েছে।
এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এর আগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন থেকে মেয়র পদে নির্বাচন করবেন বলে প্রচার ছিল। দল থেকেও তাকে দক্ষিণ সিটির প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছিল।
তবে সিদ্ধান্ত পরিবর্তন করে এখন আসিফ মাহমুদকে ঢাকা উত্তর সিটি করপোরেশনে প্রার্থী করার প্রস্তুতি নেওয়া হয়েছে। অন্যদিকে দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ঢাকা দক্ষিণ সিটি থেকে মেয়র পদে নির্বাচন করবেন বলে আলোচনা চলছে।
এ লক্ষ্যে দুজনই নিজেদের ভোটার এলাকা পরিবর্তন করেছেন। আসিফ মাহমুদ ঢাকা দক্ষিণের ভোটার থেকে ঢাকা উত্তরের আওতাধীন আফতাবনগর এলাকার ভোটার হয়েছেন। অন্যদিকে নাসীরুদ্দীন পাটওয়ারী ঢাকা উত্তর থেকে দক্ষিণ সিটি এলাকার ভোটার হয়েছেন।
এনসিপির একাধিক শীর্ষ নেতা জানিয়েছেন, নির্বাচনি আইন ও দলীয় কৌশলের অংশ হিসেবে দুই নেতার ভোটার এলাকা পরিবর্তন করা হয়েছে। বুড়িগঙ্গা থেকে তুরাগ পর্যন্ত রাজধানীতে দলটির প্রভাব বিস্তারের লক্ষ্যেই এই কৌশল নেওয়া হয়েছে। আগামী দু-এক দিনের মধ্যে দুই নেতার প্রার্থিতা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে।
এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন বলেন, দলের শীর্ষ দুই নেতা ভোটার এলাকা পরিবর্তন করেছেন। নির্বাচনি আইন ও কৌশলের অংশ হিসেবে এটি করা হয়েছে। তারা কোন সিটি করপোরেশন থেকে নির্বাচন করবেন, তা শিগগিরই আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
আসিফ মাহমুদও ভোটার এলাকা পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে কাজ করবেন এবং কয়েক দিনের মধ্যেই দল থেকে সার্বিক বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।
সামাজিক যোগাযোগমাধ্যমে আসিফ মাহমুদ জানান, নির্বাচন কমিশনের নির্ধারিত ফরম-১৩-এর মাধ্যমে ভোটার এলাকা পরিবর্তনের আবেদন করেছিলেন তিনি। যাচাই-বাছাই ও প্রয়োজনীয় নথিপত্র পরীক্ষা শেষে নির্বাচন কমিশন তার আবেদন অনুমোদন করেছে।
এনসিপি নেতাদের ধারণা, ঢাকা উত্তরে আসিফ মাহমুদ ভালো করবেন। এর আগে দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীবকে ঢাকা উত্তরে প্রার্থী ঘোষণা করা হয়েছিল। তবে দলটি মনে করছে, আসিফ মাহমুদ এ আসনে তুলনামূলক ভালো করতে পারেন।
অন্যদিকে নাসীরুদ্দীন পাটওয়ারী এর আগে ঢাকা-৮ আসন থেকে ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছিলেন। আসনটি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন। ওই নির্বাচনে শাপলা কলি প্রতীকে তিনি ৫৪ হাজার ১২৭ ভোট পান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ৫৯ হাজার ৩৬৬ ভোট পেয়ে জয়ী হন।
এনসিপির নেতারা মনে করছেন, ঢাকা দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভালো করবেন। নির্বাচনি মাঠে তার পরিচিতিও রয়েছে।
দলের নেতাদের মতে, আসিফ মাহমুদ ঢাকা উত্তর এবং নাসীরুদ্দীন পাটওয়ারী ঢাকা দক্ষিণ থেকে মেয়র প্রার্থী হলে এনসিপির তরুণ নেতৃত্বের এই দ্বিমুখী লড়াই রাজধানীর স্থানীয় নির্বাচনের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে।



