সিরিয়ার ইদলিব প্রদেশের সারমাদা শহরের কাছে অস্ত্র সংরক্ষণের একটি অস্থায়ী গুদামে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১১ জন।
বুধবার (৯ সেপ্টেম্বর) উত্তর ইদলিবের গ্রামাঞ্চলের বুর্জ আল-নিমরা এলাকায় এ বিস্ফোরণ ঘটে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
বিস্ফোরণের পর সৃষ্ট আগুন থেকে কয়েক ঘণ্টা ধরে ঘন ধোঁয়া বের হতে দেখা যায়। সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আহতদের মধ্যে তাদের কয়েকজন সদস্যও রয়েছেন।
ঘটনার পরপরই ঘটনাস্থলে জরুরি উদ্ধারকারী দল পাঠানো হয়। তবে পরপর বিস্ফোরণের কারণে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে বাধার মুখে পড়েন।
উদ্ধারকারী দল ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা ব্যক্তিদের উদ্ধারে অভিযান চালাচ্ছে। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধারের খবরও পাওয়া গেছে। তবে বিস্ফোরণের কারণ সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানায়নি কর্তৃপক্ষ।
সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে জানিয়েছে, ধ্বংস হওয়া গুদামটি ২০১১ থেকে ২০২৪ সাল পর্যন্ত চলা সিরিয়ার বিদ্রোহ ও গৃহযুদ্ধের সময় ব্যবহৃত অস্ত্র ও গোলাবারুদ সংরক্ষণে ব্যবহার করা হতো।
এর আগে ১ সেপ্টেম্বর ইদলিব প্রদেশের বিন্নিশ এলাকায় গোলাবারুদ বহনকারী একটি যান বিস্ফোরিত হয়। ওই ঘটনায় পাঁচজন নিহত এবং আরও কয়েকজন আহত হন।



