মার্কিন অর্থনৈতিক অবরোধ মোকাবিলায় রাশিয়ার সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ চুক্তি ও নতুন সমঝোতা চূড়ান্ত করেছে ইরান। আর্থিক লেনদেন, শ্রমশক্তি ও কর্মসংস্থান নিয়ে এসব চুক্তি হয়েছে বলে জানিয়েছেন দেশটির অর্থমন্ত্রী।
বুধবার (৯ সেপ্টেম্বর) ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা মেহেরের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। মস্কো সফরের সময় একাধিক বৈঠক ও আলোচনার পর ইরানের অর্থমন্ত্রী সাইয়্যেদ আলি মাদানিজাদেহ এসব চুক্তি ও সমঝোতার কথা জানান।
তিনি বলেন, আর্থিক সহযোগিতা, শ্রমশক্তি ও কর্মসংস্থান নিয়ে গুরুত্বপূর্ণ কিছু চুক্তি সম্পন্ন হয়েছে। পাশাপাশি দুই দেশের মধ্যে নতুন কিছু সমঝোতায়ও পৌঁছানো গেছে।
ইরানের অর্থমন্ত্রী জানান, এসব বিষয়ে দুই দেশ গুরুত্বের সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার বিষয়ে একমত হয়েছে। এর লক্ষ্য হলো ইরান ও রাশিয়ার অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর ও বিস্তৃত করা।
মাদানিজাদেহ বলেন, অবরোধ ও অর্থনৈতিক যুদ্ধের পরিস্থিতিতে অংশীদার দেশগুলোর সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করা ইরানের অন্যতম লক্ষ্য। অর্থনীতিতে বিধিনিষেধের প্রভাব কমাতে এবং বিকল্প অর্থনৈতিক পথ তৈরি করতেও এসব উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, প্রয়োজনীয় পণ্য সরবরাহে ইরানের কোনো সমস্যা নেই। শিল্পের জন্য প্রয়োজনীয় অন্যান্য কাঁচামাল সংগ্রহের ক্ষেত্রেও বিকল্প পথ তৈরি করা হয়েছে।
ইরানের অর্থমন্ত্রী বলেন, অংশীদার দেশগুলোর সঙ্গে আরও গভীর অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর পাশাপাশি বিধিনিষেধের প্রভাব কমানো এবং দেশটির অর্থনীতির স্থিতিস্থাপকতা শক্তিশালী করার প্রচেষ্টা অব্যাহত থাকবে।



