গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত কাজে সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীসহ ডিআরইউর নেতৃবৃন্দ, সাংবাদিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আন্দালিব রহমান পার্থ বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সরকার স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যমের পরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি বলেন, গণমাধ্যমের ভূমিকার কারণেই দেশের অনেক অর্জন সম্ভব হয়েছে। বাংলাদেশের গণতন্ত্র যে পর্যায়ে রয়েছে, সেখানেও গণমাধ্যমের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী আরও বলেন, তাদের সময়ে সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করার সুযোগ পাবেন। সরকারের পক্ষ থেকে গণমাধ্যম বা সাংবাদিকদের পেশাগত কাজে হস্তক্ষেপ করার কোনো ইচ্ছা নেই বলেও জানান তিনি।
অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী জানান, সাংবাদিকদের কল্যাণে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ ৬ কোটি টাকা থেকে বাড়িয়ে ২৫ কোটি টাকা করার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, এ বিষয়ে ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তাব পাঠানো হয়েছে এবং অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা হয়েছে।



