গোপালগঞ্জের মুকসুদপুরে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সালমান শেখ (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে মুকসুদপুর-বরইতলা সড়কের বনগ্রাম মুন্সীবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সালমান শেখ উপজেলার লোহাইড় গ্রামের শহিদ শেখের ছেলে।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সালমান শেখ তার এক বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে করে বনগ্রাম বাজার থেকে লোহাইড় গ্রামের দিকে যাচ্ছিলেন।
পথে বনগ্রাম মুন্সীবাড়ী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সালমান শেখের মৃত্যু হয় এবং তার সঙ্গে থাকা ব্যক্তি আহত হন।
ওসি জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।



