জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকের শুরুতে নেপালে সম্প্রতি ঘটে যাওয়া ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ, ভূমিধস ও পাহাড়ধসের ঘটনায় শোক প্রকাশ করেন ডা. শফিকুর রহমান। একই সঙ্গে তিনি নেপালের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে রাষ্ট্রদূতের কাছে জানতে চান।
নেপালের রাষ্ট্রদূত বিরোধীদলীয় নেতার সহানুভূতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রাকৃতিক দুর্যোগের শুরু থেকেই শোকবার্তা ও আন্তরিক তৎপরতার জন্যও তাকে ধন্যবাদ জানান ঘনশ্যাম ভান্ডারী।
বৈঠকে নেপালে চলমান উদ্ধার তৎপরতা, মানুষের দুর্ভোগ, ভূমিধসের কারণে সৃষ্ট ধ্বংসযজ্ঞ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে ডা. শফিকুর রহমানকে অবহিত করেন রাষ্ট্রদূত।
এ সময় বাংলাদেশের সঙ্গে নেপালের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, নেপালের এই দুর্যোগের সময়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দেশটির পাশে সর্বাত্মকভাবে থাকার আশ্বাস দেওয়া হচ্ছে।
বৈঠকে নেপাল দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন প্রতীক কারকি উপস্থিত ছিলেন। এছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এমপি, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান এমপি এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহামদ মাবরুরসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।



