নরওয়ের রাজধানী অসলো যাওয়ার পথে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী বিমান অল্পের জন্য ড্রোন হামলা থেকে রক্ষা পেয়েছে। মলদোভা থেকে উড্ডয়নের আগে বিমানটির কাছাকাছি একটি রুশ ড্রোন শনাক্ত হয়েছিল বলে জানিয়েছে দেশটির সরকার।
বুধবার (৯ সেপ্টেম্বর) নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গাহর স্তোরে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এনআরকেকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান। পরে মলদোভা সরকারের একজন মুখপাত্রও ঘটনাটি নিশ্চিত করেন।
মলদোভা সরকারের পক্ষ থেকে জানানো হয়, মঙ্গলবার জেলেনস্কির বিমান উড্ডয়নের আগেই ঘটনাটি ঘটে। ওই সময় একটি রুশ ড্রোন মলদোভার আকাশসীমায় প্রবেশ করে।
নিরাপত্তার কারণে মলদোভার আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। ফলে জেলেনস্কিকে বহনকারী বিমানটি নির্ধারিত সময়ের পর উড্ডয়ন করে। ড্রোনটি মলদোভার ভূখণ্ডে ভেঙে পড়ার পর বিমানটিকে উড্ডয়নের অনুমতি দেওয়া হয়।
অসলো সফরে নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গাহর স্তোরের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন জেলেনস্কি। এ ছাড়া প্রতিরক্ষা খাতের নির্বাহীদের সঙ্গেও বৈঠকে অংশ নেন তিনি।
বৈঠকগুলোতে ইউরোপের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ‘ফ্রেয়া’ আরও শক্তিশালী করা এবং যৌথভাবে তা বাস্তবায়নের বিষয়টি আলোচনায় আসে।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় জেলেনস্কি বলেন, ইউরোপের আকাশ সুরক্ষিত রাখা সবার যৌথ দায়িত্ব। ‘ফ্রেয়া’ প্রকল্পের মাধ্যমে দ্রুত বাস্তব ফল পাওয়ার আশাও প্রকাশ করেন তিনি।



