কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জে ৪ পিস ইয়াবাসহ মো. আব্দুল হাসান (৫৩) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় কবির হোসেন (৩৫) নামে আরেক ব্যক্তি পালিয়ে যায়।
বৃহস্পতিবার রাত ৯টার দিকে শমশেরনগর চৌমুহনী এলাকায় অভিযান চালিয়ে হাসানকে আটক করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শমশেরনগর পুলিশ ফাঁড়ির একটি দল ওই এলাকায় অভিযান চালায়। অভিযানে হাসানের কাছ থেকে ৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটক হাসান কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের বাসিন্দা। এ সময় পতনউষার এলাকার কবির হোসেন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির এসআই জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পলাতক কবিরকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। আটক হাসানকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
তবে আটক হাসানের আত্মীয়স্বজনের দাবি, ব্যক্তিগত আক্রোশ থেকে কবির হোসেন চক্রান্ত করে হাসানকে ফাঁসিয়েছেন।



