দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর পরিচালিত একটি বড় ভূগর্ভস্থ সামরিক ঘাঁটি ধ্বংস করার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ)। ইসরায়েলের দাবি, আলি তাহের রিজের নিচে থাকা দুটি টানেল ধ্বংস করতে এক হাজার টনের বেশি বিস্ফোরক ব্যবহার করা হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, টানেল দুটির মোট দৈর্ঘ্য ছিল দুই কিলোমিটারের বেশি। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, বিস্ফোরণের ফলে ৪ দশমিক ১ মাত্রার ভূমিকম্পের সমান কম্পন সৃষ্টি হয়।
তবে এ বিষয়ে হিজবুল্লাহ বা লেবানন সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
মাসের পর মাস হিজবুল্লাহর সঙ্গে সংঘাতের পর গত সপ্তাহে ইসরায়েলি বাহিনী ওই এলাকার নিয়ন্ত্রণ নেয়। মার্চে হিজবুল্লাহর সঙ্গে সংঘাত পুনরায় শুরু হওয়ার পর দখল করা দক্ষিণ লেবাননের একটি বড় অংশ এখনও ইসরায়েলি সেনাদের নিয়ন্ত্রণে রয়েছে।
আইডিএফের প্রকাশিত ছবিতে আকাশ আলোকিত করে বিশাল আগুনের গোলা দেখা গেছে। নাবাতিয়েহ শহরের বাসিন্দা আহমেদ, আলি তাহের রিজ থেকে প্রায় ৬ কিলোমিটার পশ্চিমে বসবাস করেন। তিনি বিবিসিকে জানান, বিস্ফোরণের পর আকাশ আলোকিত হয়ে উঠেছিল এবং প্রায় ১৫ সেকেন্ড পর বিকট শব্দ শোনা যায়। পুরো বাড়িটি ভূমিকম্পের মতো কেঁপে ওঠে।
তিনি আরও জানান, বিস্ফোরণের পর মানুষ চিৎকার করছিল এবং শিশুরা কাঁদছিল। অনেকে এলাকা ছেড়ে বৈরুতের দিকে যাওয়ায় সড়কগুলো গাড়িতে পূর্ণ হয়ে যায়। প্রায় ৪০ কিলোমিটার দূরের উপকূলীয় শহর সাইদাতেও বিস্ফোরণের কম্পন অনুভূত হয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, ভূগর্ভস্থ ওই অবকাঠামোর মধ্যে হিজবুল্লাহর বদর ইউনিটের একটি কমান্ড সেন্টার ছিল। সেখানে কয়েক ডজন রকেট, ক্ষেপণাস্ত্র ও চালকবিহীন আকাশযানের পাশাপাশি ট্যাংকবিধ্বংসী অস্ত্র, মাইন ও বিস্ফোরক মজুত ছিল।
আইডিএফ জানিয়েছে, ওই সামরিক কমপ্লেক্স ধ্বংসের মাধ্যমে এলাকাটিতে থাকা মোট আটটি টানেল ধ্বংস করা হয়েছে।



