জরুরি উন্নয়নকাজের কারণে শনিবার (১২ সেপ্টেম্বর) গাজীপুরের কাশিমপুরের বেশ কিছু এলাকায় টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার কথা জানিয়েছে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর কাশিমপুর জোনাল অফিস।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় কাশিমপুর জোনাল অফিস।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রাহকসেবার মান বাড়াতে ১১ কেভি ফিডারগুলো ছোট করা এবং লোডশেডিং কমিয়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে শনিবার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জরুরি রক্ষণাবেক্ষণ ও লাইন আপগ্রেডেশনের কাজ করা হবে।
এ কারণে নির্ধারিত সময়জুড়ে সংশ্লিষ্ট এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে কাশিমপুরের আংশিক এলাকা, বিএডিসি গেটের সামনের এলাকা, রফিকুল স্কুলের আশপাশ, কাশিমপুর স্ট্যান্ডের পশ্চিম পাশ, রিফুজি পাড়া, হাজিপাড়া, জিতার মোড়ের আশপাশ, আলিমের আশপাশ, কবরস্থানের আশপাশ, জামাল টাওয়ারের আশপাশ, মল্লিকা বাজারের আশপাশ, নয়াপাড়া, হাকের নল, লালদিঘি, খানকা শরিফের আশপাশ এবং রওশন মার্কেট এলাকায়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্ধারিত সময়ের আগেই রক্ষণাবেক্ষণ ও লাইন আপগ্রেডেশনের কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।
নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে সাময়িক অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে কাশিমপুর জোনাল অফিস কর্তৃপক্ষ।



