গাজীপুরের জয়দেবপুরে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের পাশের একটি কালভার্টের নিচ থেকে লাগেজে ভরা অজ্ঞাতপরিচয় এক নারীর অর্ধগলিত মরদেহের খণ্ডাংশ উদ্ধার করেছে পুলিশ। পরে আশপাশে তল্লাশি চালিয়ে বস্তাবন্দী অবস্থায় মরদেহের অন্যান্য অংশও উদ্ধার করা হয়।
শুক্রবার বিকেলে জয়দেবপুর থানার ভবানীপুর এলাকায় ফকিরা গার্মেন্টসের পাশের একটি কালভার্টের নিচে নীল রঙের একটি লাগেজ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। লাগেজটি পড়ে থাকতে দেখে তাঁদের সন্দেহ হলে তাঁরা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাগেজটি খুলে নারীর অর্ধগলিত মরদেহের খণ্ডাংশ দেখতে পায়।
এরপর পুলিশ কালভার্টের আশপাশে তল্লাশি চালায়। এ সময় বস্তাবন্দী অবস্থায় মরদেহের অন্যান্য অংশ উদ্ধার করা হয়।
পুলিশ মরদেহের খণ্ডিত অংশগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, উদ্ধার হওয়া ওই নারীর বয়স ৩০ থেকে ৩৫ বছর। মরদেহটি অর্ধগলিত হওয়ায় তাৎক্ষণিক পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
তিনি বলেন, ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হচ্ছে। নারীর পরিচয় শনাক্তের পাশাপাশি মৃত্যুর কারণও খতিয়ে দেখা হচ্ছে।
ওসি আরও বলেন, অন্য কোথাও ওই নারীকে হত্যার পর মরদেহ টুকরা করে লাগেজ ও বস্তায় ভরে সেখানে ফেলে রাখা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।



