রাজধানীর বিভিন্ন এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪৪ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে মাদকসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে এবং বিভিন্ন অভিযোগে ৪৩টি মামলা দায়ের করেছে পুলিশ।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন।
ডিএমপি জানায়, অভিযানে সবচেয়ে বেশি গ্রেফতার করা হয়েছে মিরপুর বিভাগ থেকে। এ বিভাগে ১৬৬ জন গ্রেফতার হয়েছেন। এছাড়া তেজগাঁও বিভাগে ৮৫ জন, মতিঝিল বিভাগে ৬৯ জন, ওয়ারী বিভাগে ৬২ জন, রমনা বিভাগে ৪০ জন, গুলশান বিভাগে ৪২ জন, লালবাগ বিভাগে ৩৭ জন এবং উত্তরা বিভাগে ৩৬ জনকে গ্রেফতার করা হয়েছে। গোয়েন্দা বিভাগ থেকে গ্রেফতার করা হয়েছে সাতজনকে।
অভিযান চলাকালে পুলিশ ১০ কেজি ৫৫০ গ্রাম গাঁজা, ১৩ হাজার ৬১টি ইয়াবা এবং ২ দশমিক ৭০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে। এছাড়া নয়টি মোবাইল ফোন, একটি মোটরসাইকেল ও একটি হাসুয়া উদ্ধার করা হয়েছে।
ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।



