রাজধানীর গুলশানে সরকারবিরোধী মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২৪ নেতাকর্মীর ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শনিবার (১২ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক শুনানি শেষে এ আদেশ দেন।
এদিন মামলায় গ্রেপ্তার ২৫ আসামিকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা ও গুলশান থানার উপপরিদর্শক রুহুল আমিন ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।
রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা জানান, ঘটনার মূল পরিকল্পনাকারী শনাক্ত ও গ্রেপ্তার, ষড়যন্ত্রকারী ও অর্থের জোগানদাতাদের বিষয়ে তথ্য সংগ্রহ এবং জড়িত অন্য আসামিদের অবস্থান জানতে তাদের জিজ্ঞাসাবাদ প্রয়োজন। পাশাপাশি পলাতক আসামিদের গ্রেপ্তারে রিমান্ড প্রয়োজন বলেও আবেদনে উল্লেখ করা হয়।
অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে।
উভয় পক্ষের শুনানি শেষে আদালত ২৪ আসামির ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
তবে আরাফাত নামে একজনকে শিশু দাবি করায় তাঁর বয়সসংক্রান্ত কাগজপত্র দাখিল ও অধিকতর শুনানির জন্য রোববার দিন ধার্য করেছেন আদালত। একই সঙ্গে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে।



