গাজীপুরের টঙ্গীতে এক আসামিকে গ্রেপ্তারের পর পুলিশের ওপর পাথর নিক্ষেপ করে হাতকড়াসহ তাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে মাদক কারবারিদের বিরুদ্ধে। এ সময় পাথরের আঘাতে পুলিশের এক কনস্টেবল আহত হয়েছেন।
রোববার রাত সাড়ে ১০টার দিকে টঙ্গীর কেরানীরটেক বস্তি ও টঙ্গী রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। সোমবার (১৪ সেপ্টেম্বর) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকছুদুল আলম।
ছিনিয়ে নেওয়া আসামির নাম রাহুল মিয়া (৩০)। তিনি টঙ্গীর কেরানীরটেক এলাকার বাসিন্দা। পুলিশ জানিয়েছে, তিনি পাঁচটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি। হামলায় আহত কনস্টেবল মো. মাসুদ টঙ্গী পূর্ব থানায় কর্মরত।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে টঙ্গী পূর্ব থানার একদল পুলিশ কেরানীরটেক বস্তি এলাকায় অভিযান চালায়। এ সময় রাহুল মিয়াকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে হাতকড়া পরিয়ে টঙ্গী রেলওয়ে স্টেশন হয়ে থানায় নিয়ে যাওয়া হচ্ছিল।
পথে একদল মাদক কারবারি পুলিশের গতিরোধ করে। তারা রেললাইন থেকে পাথর কুড়িয়ে পুলিশ সদস্যদের লক্ষ্য করে ছুড়তে থাকে। একপর্যায়ে পাথরের আঘাতে কনস্টেবল মাসুদ আহত হন। এ সুযোগে হামলাকারীরা পুলিশের কাছ থেকে হাতকড়াসহ রাহুলকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
পরে রাতেই টঙ্গী রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় হাতকড়াটি উদ্ধার করে পুলিশ।
ঘটনার পর আসামি রাহুল ও পুলিশের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। তবে সোমবার বেলা সাড়ে তিনটা পর্যন্ত রাহুলকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
টঙ্গী পূর্ব থানার ওসি মো. মাকছুদুল আলম বলেন, আসামি ছিনিয়ে নেওয়া এবং পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় সোমবার থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।



