মাগুরার শালিখায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সিংড়া বাজারের মোটর শ্রমিক অফিসের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বলাই নাঘোশা গ্রামের জাফর মোল্লা ও সামসু মেম্বারের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এর মধ্যে দুই দিন আগে জাফর মোল্লার দুটি সেচ পাম্প চুরি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে রোববার বিকেলে দুই পক্ষের সমর্থকদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়।
এর জের ধরে সোমবার দুপুরে সিংড়া বাজারের মোটর শ্রমিক অফিসের সামনে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন।
আহতদের মধ্যে জাফর মোল্লা পক্ষের জাফর মোল্লা (৬৫), শহীদ মোল্লা (৫৫), ইসমাইল (৩৫), জসিম (৩২), সাদিকুল (২৫), সুলতান (৩০), ফিরোজ (৩২) ও আব্দুল্লাহ (৩২) রয়েছেন। তাদের মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত সুলতানের অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
এ ছাড়া সামসু মেম্বার পক্ষের আহত দুজনকে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে এলাকায় উত্তেজনা থাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনার বিস্তারিত জানতে তদন্ত অব্যাহত রয়েছে।



