ব্রাহ্মণবাড়িয়ায় পাইপলাইনের জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য মঙ্গলবার ১৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত জেলা শহর, সদর ও সরাইল উপজেলার আবাসিক ও বাণিজ্যিকসহ সব শ্রেণির প্রায় ২৩ হাজার গ্রাহক গ্যাস সরবরাহ পাবেন না।
আজ সোমবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য মঙ্গলবার সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ার জেলা শহর, সদর ও সরাইল উপজেলার সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ সম্পূর্ণভাবে বন্ধ থাকবে।
এ ছাড়া সরাইলের কুট্টাপাড়া ও বিশ্বরোড এলাকায় থাকা পাঁচটি সিএনজি পাম্প এবং বিসিক এলাকার গ্যাস সরবরাহও বন্ধ থাকবে।
বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশনের ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের ব্যবস্থাপনা পরিচালক শফিকুল হক বলেন, গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য নির্ধারিত সময়ে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে। তিনি আশা প্রকাশ করেন, নির্ধারিত সময়ের আগেই মেরামত ও রক্ষণাবেক্ষণের কাজ শেষ হয়ে যাবে।
এদিকে গ্যাস সরবরাহ বন্ধ থাকার খবরে আগাম প্রস্তুতি নিচ্ছেন স্থানীয় বাসিন্দারা। জেলা শহরের কালাইশ্রীপাড়ার বাসিন্দা ও ব্যবসায়ী মোশাররফ হোসেন বলেন, ‘আগামীকাল গ্যাস থাকবে না শুনে প্রস্তুতি নিতে শুরু করেছি। ইতিমধ্যে পাউরুটি ও কলা কিনেছি। আগামীকাল দিনভর হোটেলগুলোতে ভিড় থাকবে।’
ব্রাহ্মণবাড়িয়া ইউনাইটেড কলেজের প্রভাষক শাজাহান মিয়া বলেন, ‘আগাম প্রস্তুতি হিসেবে আজ রাতেই খাবার কিনে রাখব। কাল হোটেলে খাবার পাওয়া যাবে না। আজ রাতেই বাড়িতে আগামীকালের রান্না করা হবে।’
গ্যাস সরবরাহ বন্ধ থাকায় মঙ্গলবার জেলা শহর, সদর ও সরাইল উপজেলার আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকদের পাশাপাশি সংশ্লিষ্ট সিএনজি পাম্প ও বিসিক এলাকার গ্রাহকেরাও সাময়িক অসুবিধায় পড়বেন। এ জন্য কর্তৃপক্ষ গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে।



