আগামী শিক্ষাবর্ষ ২০২৭ থেকে প্রথম শ্রেণি ছাড়া দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি পরীক্ষা নেওয়া হবে। আর প্রথম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে লটারির মাধ্যমে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। তারা জানান, আগামী নভেম্বরের মধ্যে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শূন্য আসনের তথ্য সংগ্রহ করা হবে। এরপর ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
মাউশি ভর্তি পরীক্ষা আয়োজনের জন্য ইতোমধ্যে একটি খসড়া নীতিমালা তৈরি করেছে। প্রস্তাবিত নীতিমালা অনুযায়ী, দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণিতে ভর্তির জন্য ৫০ নম্বরের পরীক্ষা হবে। পরীক্ষার সময় থাকবে এক ঘণ্টা। এতে বাংলায় ১৫, ইংরেজিতে ১৫ এবং গণিতে ২০ নম্বর থাকবে।
অন্যদিকে, ষষ্ঠ থেকে নবম শ্রেণির ভর্তি পরীক্ষা হবে ১০০ নম্বরের। এ পরীক্ষার সময় থাকবে দুই ঘণ্টা। বাংলায় ৩০, ইংরেজিতে ৩০ এবং গণিতে ৪০ নম্বর নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।
মাউশির কর্মকর্তারা জানান, ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হবে। প্রাথমিকভাবে ১৭ ডিসেম্বরের পর যেকোনো দিন পরীক্ষা আয়োজনের প্রস্তাব দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে শিক্ষা মন্ত্রণালয়।
মাউশির মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল বলেন, মাউশি থেকে শিগগিরই একটি প্রস্তাবনা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। মন্ত্রণালয় অনুমোদন দিলে ভর্তি নীতিমালা জারি করা হবে।



