সামাজিক যোগাযোগমাধ্যমে ‘নোয়াখালীতে সরকারি হাসপাতালে চিকিৎসা না পেয়ে সড়কে এক নারী সন্তান প্রসব করেছেন’-এমন দাবিতে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিও নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। তবে ফ্যাক্টচেকে দেখা গেছে, ছবিগুলো বাংলাদেশের কোনো ঘটনার নয়। এগুলো নেপালের একটি হাসপাতালের সামনে এক নারীর সন্তান প্রসবের ঘটনার।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিগুলোর মধ্যে একটি নেপালের সংবাদমাধ্যম হিমালয়া টেলিভিশনের ১০ সেপ্টেম্বর প্রকাশিত প্রতিবেদনে পাওয়া যায়। ওই প্রতিবেদনের ছবির সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবির মিল রয়েছে।
হিমালয়া টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়, নেপালের সপ্তরী জেলার রাজবিরাজে অবস্থিত গজেন্দ্র নারায়ণ সিং হাসপাতালে প্রসবের জন্য গিয়েছিলেন বাবিতা পাসওয়ান নামের এক অন্তঃসত্ত্বা নারী। প্রয়োজনীয় পরীক্ষার জন্য অর্থের ব্যবস্থা করতে না পেরে তিনি হাসপাতালের বাইরে চলে আসেন। পরে হাসপাতালের প্রধান ফটকের কাছে সড়কে সন্তান প্রসব করেন তিনি।
নেপালের সংবাদমাধ্যম দ্য কাঠমান্ডু পোস্টের ১০ সেপ্টেম্বরের প্রতিবেদনে বলা হয়, বাবিতা পাসওয়ান প্রসববেদনা নিয়ে রাত ১টার দিকে হাসপাতালে যান। রক্তসহ কয়েকটি পরীক্ষার জন্য প্রায় ৩ হাজার ২০০ নেপালি রুপি প্রয়োজন বলে তাকে জানানো হয়। তবে তার পরিবারের কাছে ছিল ২ হাজার রুপি।
পরীক্ষার খরচের জন্য প্রয়োজনীয় অর্থের ব্যবস্থা করতে না পেরে পরিবারটি হাসপাতালের বাইরে অপেক্ষা করতে থাকে। পরে ভোর সাড়ে ৪টার দিকে হাসপাতালের বাইরের ফুটপাতে একটি ছেলে সন্তান জন্ম দেন বাবিতা।
তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, প্রসবসেবা বিনা মূল্যে দেওয়া হলেও কিছু বিস্তারিত রক্ত পরীক্ষা এর আওতায় পড়ে না। হাসপাতালের ভারপ্রাপ্ত চিকিৎসা তত্ত্বাবধায়ক জিতেন্দ্র কান্ডেলের দাবি, দরিদ্র রোগীদের জন্য সামাজিক সেবা ইউনিট থেকে এসব পরীক্ষার খরচ বহনের সুযোগ রয়েছে। তবে পরিবারটি অর্থসংকটের কথা হাসপাতাল কর্তৃপক্ষকে জানায়নি বলে দাবি করেন তিনি।
ঘটনার পর নেপালের স্বাস্থ্য মন্ত্রণালয় ও নেপাল মেডিকেল কাউন্সিল পৃথক তদন্তদল পাঠায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়ার পর হাসপাতাল কর্তৃপক্ষ মা ও নবজাতককে আবার হাসপাতালে নিয়ে বিনা মূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় পরীক্ষা করায়।
অতএব, ‘নোয়াখালীতে সরকারি হাসপাতালে চিকিৎসা না পেয়ে এক নারী সড়কে সন্তান প্রসব করেছেন’—এই দাবিতে প্রচারিত ছবি ও ভিডিও বাংলাদেশের নয়। এগুলো নেপালের সপ্তরী জেলার রাজবিরাজে হাসপাতালের বাইরে এক নারীর সন্তান প্রসবের ঘটনার ছবি ও ভিডিও।



