আরব সাগরে ভারতীয় নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজের সঙ্গে পাকিস্তানি নৌবাহিনীর একটি জাহাজের সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় উত্তর আরব সাগরে নিয়মিত নজরদারি মিশনের সময় এ ঘটনা ঘটে।
ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, পাকিস্তানি নৌযানটি উচ্চগতিতে ভারতীয় যুদ্ধজাহাজের খুব কাছে চলে আসে। এরপর অপেশাদার ও অনিরাপদভাবে গতিপথ পরিবর্তন করলে দুই জাহাজের মধ্যে সংঘর্ষ হয়।
বুধবার (১৬ সেপ্টেম্বর) এ ঘটনায় পাকিস্তানের বিরুদ্ধে কড়া প্রতিবাদ জানিয়েছে নয়াদিল্লি। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় পাকিস্তান হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স সাদ ওয়ারাইচকে তলব করে তাদের প্রতিবাদ জানায়।
ভারতের পক্ষ থেকে বলা হয়েছে, আন্তর্জাতিক জলসীমায় সংঘর্ষের ঘটনাটি ঘটেছে। এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। সংঘর্ষে জড়িত দুই নৌযানের ধরনও তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ওমানের প্রায় ২২০ কিলোমিটার পূর্বে পাকিস্তানি নৌযানটি ভারতীয় যুদ্ধজাহাজের পাশ দিয়ে দ্রুতগতিতে খুব কাছ দিয়ে যায়। পরে অনিরাপদভাবে গতিপথ পরিবর্তনের সময় সংঘর্ষ ঘটে।
ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভিযোগ, পাকিস্তানি নৌযানের আচরণ ১৯৯১ সালের এপ্রিলের ভারত-পাকিস্তান চুক্তির ১০ নম্বর অনুচ্ছেদের লঙ্ঘন। সামরিক মহড়া, সামরিক গতিবিধি ও সেনা চলাচল বিষয়ে আগাম তথ্য জানানোর জন্য দুই দেশের মধ্যে ওই চুক্তি করা হয়েছিল।
ভারত জানিয়েছে, ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে দুই দেশের সামরিক ইউনিটগুলোকে যথাযথ সতর্কতা অবলম্বন এবং সংশ্লিষ্ট চুক্তির বিধান মেনে চলতে হবে।
এ ঘটনায় পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছেও প্রতিবাদ জানাতে ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় চার্জ দ্য অ্যাফেয়ার্সকে নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে ২০১১ সালের জুনেও ভারত ও পাকিস্তানের নৌবাহিনীর জাহাজের মধ্যে একই ধরনের সংঘর্ষের ঘটনা ঘটেছিল। সে সময় পাকিস্তানি নৌবাহিনীর জাহাজ বাবর ও ভারতীয় নৌবাহিনীর জাহাজ গোদাবরী সংঘর্ষে জড়িয়েছিল।



