বগুড়ার ধুনট উপজেলায় রাস্তার পাশের জঙ্গল থেকে এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) ভোরে উপজেলার পূর্ব গুয়াডহরী গ্রামে মসজিদে যাতায়াতের রাস্তার পাশের জঙ্গল থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে রাস্তার পাশের জঙ্গল থেকে নবজাতকের কান্নার শব্দ শুনতে পান স্থানীয় এক ব্যক্তি। পরে সেখানে গিয়ে তিনি শিশুটিকে পড়ে থাকতে দেখেন।
পরে পূর্ব গুয়াডহরী গ্রামের আব্দুল গুনি সরকারের ছেলে মিজানুর রহমান নবজাতকটিকে উদ্ধার করে নিজের বাড়িতে নিয়ে যান।
নবজাতক উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে তাকে দেখতে স্থানীয় নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী মানুষ মিজানুর রহমানের বাড়িতে ভিড় করেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের ধারণা, রাতের কোনো একসময় নবজাতকটিকে ওই জঙ্গলে রেখে যাওয়া হয়ে থাকতে পারে। তবে শিশুটিকে কারা এবং কী কারণে সেখানে রেখে গেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, খবর পেয়ে নবজাতকটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



