গাজীপুর নগরের কোনাবাড়ীতে বকেয়া বেতনের দাবিতে হানিওয়েল গার্মেন্টস লিমিটেডের কয়েক শ শ্রমিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত কোনাবাড়ী-আমবাগ আঞ্চলিক সড়কের আমবাগ এলাকায় এ কর্মসূচি চলে।
বিক্ষোভের সময় শ্রমিকেরা সড়কে টায়ার জ্বালিয়ে বকেয়া বেতন পরিশোধের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে দুপুরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেন।
পুলিশ ও শ্রমিক সূত্রে জানা গেছে, কারখানাটির শ্রমিকদের বেতন কয়েক মাস ধরে বকেয়া রয়েছে। পুলিশ সূত্রে আগস্ট ও সেপ্টেম্বর মাসের বেতন বকেয়া থাকার কথা বলা হলেও শ্রমিকদের একাংশের দাবি, জুলাই ও আগস্ট মাসের বেতন এখনো পরিশোধ করা হয়নি।
শ্রমিকদের ভাষ্য অনুযায়ী, আগস্ট মাসের বেতন গত ১০ সেপ্টেম্বর পরিশোধ করার কথা ছিল। নির্ধারিত সময়ে বেতন না দেওয়ার পর কয়েক দফা নতুন তারিখ নির্ধারণ করা হলেও বেতন পরিশোধ করা হয়নি। এর মধ্যে কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়। এতে শ্রমিকদের মধ্যে অসন্তোষ ও আর্থিক সংকট তৈরি হয়।
সোমবার সকালে বকেয়া বেতনের দাবিতে কারখানার সামনের আমবাগ এলাকায় সড়কে অবস্থান নেন শ্রমিকেরা। পরে সময় বাড়ার সঙ্গে সঙ্গে সেখানে শ্রমিকের সংখ্যা বাড়তে থাকে এবং যান চলাচল বন্ধ হয়ে যায়। একপর্যায়ে শ্রমিকেরা সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন।
খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্প পুলিশ ও কোনাবাড়ী থানা-পুলিশ ঘটনাস্থলে যায়। কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার হোসেন জানান, মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি দ্রুত সমাধানের চেষ্টা চলছে। শ্রমিকদের ন্যায্য দাবি পূরণের বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।
বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে ওই এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে বেতন বকেয়া থাকার বিষয়ে কারখানা কর্তৃপক্ষের কোনো প্রতিনিধির বক্তব্য পাওয়া যায়নি।



