চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় ৪৩৩ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এর মধ্যে মাদকসংক্রান্ত অভিযানে গ্রেপ্তার করা হয়েছে ১০৩ জনকে।
চট্টগ্রাম রেঞ্জ পুলিশ কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, অভিযানে মাদক মামলায় ৭০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে মাদক বহনকারী তিনজন এবং মাদক সেবনকারী ৬৭ জন।
এ ছাড়া নিয়মিত ও অন্যান্য মামলায় মাদক ব্যবসায়ী হিসেবে আরও ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪৩ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সময়ে ১৪ হাজার ৯৪০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।
অভিযানে মোট ২৬টি মাদক মামলা করা হয়েছে। এ সময় ২০ হাজার ৪৬৭ পিস ইয়াবা ট্যাবলেট, ৬৬ কেজি ৭৯২ গ্রাম গাঁজা, ৬২ লিটার ৭৫৫ মিলিলিটার চোলাই মদ এবং ৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
এদিকে গত ২৪ ঘণ্টার সামগ্রিক অভিযানে নিয়মিত মামলায় ৮১ জন এবং পূর্ববর্তী মামলায় ১০২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ ছাড়া পুলিশ আইনের ৩৪ ধারায় ১৭ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় তিনজন এবং ১৫১ ধারাসহ অন্যান্য আইনে ২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পরোয়ানামূলে ১১২ জন এবং সাজা পরোয়ানামূলে আরও ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
জনস্বার্থে মাদকবিরোধী এ বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।



