রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে মোটরসাইকেল চোরচক্রের তিন সদস্যকে আটক করেছে বসুন্ধরা নিরাপত্তা দল। মঙ্গলবার সকালে একটি সন্দেহভাজন প্রাইভেট কার শনাক্ত করার পর ধাওয়া করে জনকণ্ঠ মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন মো. সুজন মিয়া (২৮), মো. আল-আমিন (৩১) ও মো. জাহিদ (৩৬)।
জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে একটি প্রাইভেট কার বসুন্ধরা আবাসিক এলাকার ৪ নম্বর গেট দিয়ে প্রবেশ করে। ওই প্রাইভেট কারটির ছবি আগে থেকেই বসুন্ধরা নিরাপত্তা দলের কাছে ছিল।
কর্তব্যরত নিরাপত্তাকর্মীরা গেট দিয়ে প্রবেশের সময় গাড়িটি শনাক্ত করেন। এরপর নিরাপত্তা দল প্রাইভেট কারটির পেছনে ধাওয়া করে।
একপর্যায়ে জনকণ্ঠ মোড় এলাকায় প্রাইভেট কারটি আটক করা হয়। এ সময় গাড়িতে থাকা তিন ব্যক্তিকেও আটক করা হয়।
পরে আটক তিনজন ও প্রাইভেট কারটি ভাটারা থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
নিরাপত্তা দলের দেওয়া তথ্য অনুযায়ী, আটক ব্যক্তিরা বসুন্ধরা আবাসিক এলাকার বিভিন্ন ব্লক থেকে মোটরসাইকেল চুরির ঘটনার সঙ্গে জড়িত একটি চক্রের সদস্য। এর মধ্যে এ, আই ও এল ব্লক এবং জি-ব্লকসহ অন্যান্য এলাকায় মোটরসাইকেল চুরির ঘটনায় তাদের সম্পৃক্ততার তথ্য রয়েছে বলে জানা গেছে।



