রাজধানীর গুলশানে ককটেল বিস্ফোরণ ও নাশকতার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় গ্রেপ্তার ১৫ আসামিকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
বুধবার (২৩ সেপ্টেম্বর) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক (এসআই) মো. রুহুল আমিন ১৫ আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন।
মামলার তদন্ত কর্মকর্তার রিমান্ড আবেদনে বলা হয়, ঘটনার মূল পরিকল্পনাকারী, ষড়যন্ত্রকারী ও অর্থের জোগানদাতাদের শনাক্ত করতে আসামিদের জিজ্ঞাসাবাদ প্রয়োজন। একই সঙ্গে মামলায় জড়িত অন্যদের সম্পর্কে তথ্য সংগ্রহ ও পলাতক আসামিদের গ্রেপ্তারের জন্য তাদের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়।
মামলার অভিযোগ অনুযায়ী, গত ১১ সেপ্টেম্বর দুপুরে গুলশান থানা এলাকায় আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠন ও ছাত্রলীগের নেতাকর্মীরা সমবেত হয়ে সমাবেশ করেন। এ সময় ককটেল বিস্ফোরণ ঘটানো এবং পুলিশের দিকে ককটেল নিক্ষেপের অভিযোগ করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দুই রাউন্ড রাবার বুলেট ছোড়ে। পরে ঘটনাস্থল থেকে পাঁচটি ককটেল জব্দ করা হয়।
এ ঘটনায় গুলশান থানার এসআই মো. মাহবুব হোসাইন বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন। মামলায় ১১৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ৮০ থেকে ১০০ জনকে আসামি করা হয়েছে।



