চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় বৈদ্যুতিক গোলযোগ থেকে লাগা আগুনে পাঁচ পরিবারের বসতঘর ও রান্নাঘর পুড়ে গেছে। এ ঘটনায় দুইজন আহত হয়েছেন। অগ্নিকাণ্ডে প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে আগুনের মধ্য থেকে প্রায় ১৫ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার খিদিরপুর এলাকার মাছুয়াখালে এ অগ্নিকাণ্ড ঘটে।
আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে মো. জালাল জমদ্দার, মো. সেলিম জমদ্দার, সুফিয়ান জমদ্দার, কামরুল জমদ্দার ও মানিক মিয়ার পরিবার।
স্থানীয়রা জানান, সকালে জালাল জমদ্দারের বসতঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশের বসতঘর ও রান্নাঘরে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে মতলব দক্ষিণ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডে পাঁচটি বসতঘর ও পাঁচটি রান্নাঘর পুড়ে গেছে। ঘরে থাকা আসবাবপত্র, স্বর্ণালংকার, পোশাকসহ বিভিন্ন মালামাল পুড়ে নষ্ট হয়েছে।
ক্ষতিগ্রস্ত জালাল জমদ্দার বলেন, আগুনে তাদের পাঁচটি বসতঘর, পাঁচটি রান্নাঘর ও ঘরে থাকা মালামাল পুড়ে গেছে। এতে প্রায় ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে। পরনের কাপড় ছাড়া তাদের আর কিছুই অবশিষ্ট নেই বলেও জানান তিনি।
মতলব দক্ষিণ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মেহেদী হাসান জানান, খবর পাওয়ার পরপরই একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে পাঁচ পরিবারের ঘর ও রান্নাঘর পুড়ে গেছে এবং দুইজন আহত হয়েছেন। প্রাথমিকভাবে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।



