দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামসদৃশ উপসর্গে ১১ জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে ১ হাজার ২৭০ জন আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামসদৃশ উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে ছয়জন, সিলেট বিভাগে একজন, চট্টগ্রাম বিভাগে দুজন, খুলনা বিভাগে একজন এবং রংপুর বিভাগে দুজনের মৃত্যু হয়েছে।
একই সময়ে ১ হাজার ১৫৭ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এ নিয়ে দেশে মোট সন্দেহভাজন হামে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৮৩ হাজার ৪৪৯ জনে।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ১১৩ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে। ফলে এ পর্যন্ত দেশে নিশ্চিতভাবে হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ৮৫১ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে সারা দেশের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে মোট ১ লাখ ৬২ হাজার ৪৮ জন রোগী ভর্তি হয়েছেন।
একই সময়ে হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৫৫ হাজার ৬১২ জন।



