রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৩৯৭ দশমিক ৭ গ্রাম বা ৩৬ ভরি স্বর্ণালংকার, ৮টি মোবাইল ফোন ও ৩টি ল্যাপটপসহ তিনজনকে আটক করেছে এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
আটক ব্যক্তিরা হলেন—রাবিয়া বেগম (৪৮), আকাশ আহমেদ (৩৫) ও মো. জলিল (৪৬)।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ২টা ৫০ মিনিটের দিকে বিমানবন্দরের বহুতল কার-পার্কিংয়ের নিচতলায় তিনজনকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে এয়ারপোর্ট এপিবিএনের সদস্যরা তাদের আটক করেন।
পরে আটক ব্যক্তিদের শরীরে তল্লাশি চালিয়ে ২২ ক্যারেটের মোট ৩৯৭ দশমিক ৭ গ্রাম স্বর্ণালংকার, ৮টি মোবাইল ফোন ও ৩টি ল্যাপটপ উদ্ধার করা হয়।
এপিবিএন জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা দাবি করেছেন, উদ্ধার করা স্বর্ণালংকার, মোবাইল ফোন ও ল্যাপটপ বিভিন্ন দেশ থেকে অজ্ঞাতনামা যাত্রীদের মাধ্যমে বাংলাদেশে আনা হয়েছে। পুলিশের দাবি, তারা দীর্ঘদিন ধরে বিমানবন্দরে স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত।
এ বিষয়ে এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়নের পুলিশ সুপার (অপারেশন্স) মোহাম্মদ নাজির আহমেদ খাঁন বলেন, বিমানবন্দর এলাকায় অপরাধ দমন ও চোরাচালান প্রতিরোধে এয়ারপোর্ট এপিবিএন সক্রিয়ভাবে কাজ করছে।
তিনি বলেন, মাদক ও স্বর্ণ চোরাচালান প্রতিরোধে এপিবিএনের কার্যক্রম অব্যাহত থাকবে এবং বিমানবন্দর ব্যবহার করে যেকোনো ধরনের চোরাচালান রোধে আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করবে।



