আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তর কার্যক্রম আবারও চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। মাঠপর্যায়ের নির্বাচন কার্যালয়গুলোতে আগের নিয়মে ভোটার স্থানান্তরের আবেদন গ্রহণ, যাচাই-বাছাই, ইস্যু ও নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরীর স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। চিঠিটি দেশের সব উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরসংক্রান্ত আবেদন গত ১০ সেপ্টেম্বরের মধ্যে নিষ্পত্তির জন্য ২ সেপ্টেম্বর মাঠপর্যায়ে নির্দেশনা দেওয়া হয়েছিল। এরপর মাঠপর্যায়ের কার্যালয়ে ভোটার স্থানান্তর কার্যক্রম পুনরায় চালুর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।
নির্দেশনা অনুযায়ী, মাঠপর্যায়ের কার্যালয়গুলোতে আগের মতো ভোটার স্থানান্তরের আবেদন গ্রহণ করতে হবে। এরপর আবেদন যাচাই-বাছাই করে ইস্যু ও নিষ্পত্তির কার্যক্রম পরিচালনা করতে হবে।
এর আগে স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সেপ্টেম্বরের শুরুতে ভোটার স্থানান্তর কার্যক্রম বন্ধ করা হয়েছিল। নির্বাচন আয়োজনের সময়সূচি নিয়ে অনিশ্চয়তার মধ্যে কার্যক্রমটি আবার চালু করা হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে ভোটার স্থানান্তর চালুর বিষয়ে ইসির চিঠিতে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কারণ উল্লেখ করা হয়নি।



