জয়পুরহাটে বিভিন্ন সড়ক দুর্ঘটনায় নিহত ও গুরুতর আহতদের ২৪ পরিবারের মাঝে মোট ৮৬ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ট্রাস্টি বোর্ডের আর্থিক সহায়তা তহবিল থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন ও চিকিৎসার জন্য এ অনুদান দেওয়া হয়।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে জয়পুরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সুবিধাভোগী ও তাদের মনোনীত ওয়ারিশদের হাতে আনুষ্ঠানিকভাবে সহায়তার চেক তুলে দেওয়া হয়।
জয়পুরহাটের জেলা প্রশাসক আল মামুন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারী। তিনি সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার শাহনাজ বেগম, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান এবং জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন।
এ ছাড়া বিআরটিএ জয়পুরহাট সার্কেলের পরিদর্শক রাম কৃষ্ণ পোদ্দার, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, স্থানীয় সুধীজন এবং আর্থিক সহায়তাপ্রাপ্ত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জানানো হয়, সড়ক পরিবহন আইনের আওতায় গঠিত ট্রাস্ট ফান্ড থেকে সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের প্রত্যেক পরিবারকে ৫ লাখ টাকা করে দেওয়া হয়েছে। পাশাপাশি দুর্ঘটনায় আহতদের চিকিৎসার জন্য ১ লাখ থেকে ৩ লাখ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হয়।
বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনায় যে অপূরণীয় ক্ষতি হয়, তা অর্থ দিয়ে পূরণ করা সম্ভব নয়। তবে সরকারের এই আর্থিক সহায়তা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন এবং সংকট কাটিয়ে উঠতে সহায়ক হবে।
তারা আরও বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে চালক, যাত্রী ও পথচারীসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে ট্রাফিক আইন মেনে চলতে হবে। দুর্ঘটনা কমাতে সবাইকে আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান বক্তারা।



