রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতকে এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সিলেট সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, রোহিঙ্গা ইস্যু একটি আন্তর্জাতিক সমস্যা। শুধু সাময়িক অর্থসহায়তা দিয়ে এ সংকটের স্থায়ী সমাধান সম্ভব নয়। রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণভাবে নিজ দেশে ফেরত পাঠাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা প্রয়োজন।
তিনি বলেন, বাংলাদেশ একা এই সংকটের সমাধান করতে পারবে না। এ ক্ষেত্রে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন। একই সঙ্গে মিয়ানমার ও জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়কেও কার্যকর ভূমিকা রাখতে হবে।
মিয়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতি প্রসঙ্গে জামায়াত আমির বলেন, দেশটিতে দীর্ঘদিন ধরে গৃহযুদ্ধ চলছে। বিভিন্ন এলাকায় সংঘাতরত গোষ্ঠীগুলোর নিয়ন্ত্রণ থাকায় কার সঙ্গে আলোচনা করে রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে সমাধানে পৌঁছানো যাবে, সেটিও একটি বড় সংকট।
তিনি বলেন, জাতিসংঘ এ বিষয়ে উদ্যোগী হলে রোহিঙ্গা সমস্যার সমাধানের পথ তৈরি হতে পারে।
এ সময় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কথা বলেন ডা. শফিকুর রহমান। তিনি দাবি করেন, সরকারি দলের লোকজনের বিভিন্ন কর্মকাণ্ডের কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠছে। জনগণের দাবির বিষয়ে সরকারের দায়িত্বশীল আচরণ করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।
মতবিনিময় সভায় গণমাধ্যম ও বিচার বিভাগের স্বাধীনতা নিয়েও কথা বলেন জামায়াত আমির। তাঁর ভাষ্য, দেশে মিডিয়া ও বিচার বিভাগ কখনো পুরোপুরি স্বাধীন ছিল না। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকারের কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলেও তিনি মন্তব্য করেন।



