ইন্দোনেশিয়ায় অনুষ্ঠেয় ফিফা এশিয়ান কাপ প্রতিযোগিতায় শুক্রবার (২৫ সেপ্টেম্বর) মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। বাংলাদেশ সময় দুপুর ৩টায় শুরু হবে ম্যাচটি।
টুর্নামেন্টে বাংলাদেশের পরবর্তী দুই প্রতিপক্ষ সিঙ্গাপুর ও স্বাগতিক ইন্দোনেশিয়া। ২৮ সেপ্টেম্বর সিঙ্গাপুর এবং ১ অক্টোবর ইন্দোনেশিয়ার বিপক্ষে খেলবে বাংলাদেশ।
টুর্নামেন্টকে আগামী নভেম্বরে ঘরের মাঠে অনুষ্ঠেয় সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি হিসেবে দেখছেন বাংলাদেশ দলের প্রধান কোচ থমাস ডুলি। তিনি বলেন, শক্তিশালী দলগুলোর বিপক্ষে খেলে নিজেদের বর্তমান অবস্থান যাচাই করতে চান তারা।
ডুলি বলেন, মালয়েশিয়া বাংলাদেশের চেয়ে শক্তিশালী দল। তাই ১-০ গোলে হারলেও কিংবা একটি ড্র করতে পারলেও সেটিকে ভালো ফল হিসেবে দেখবেন তিনি।
বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়াও প্রতিযোগিতাটিকে কঠিন চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেছেন। নিজেদের ওপর বিশ্বাস আছে জানিয়ে তিনি বলেন, কয়েকটি পয়েন্ট পাওয়া বা এক-দুটি ম্যাচ জিততে পারলে সফরটি সফল হবে।
ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে এগিয়ে রয়েছে তিন প্রতিপক্ষই। ইন্দোনেশিয়া ১১৮তম, মালয়েশিয়া ১৩৬তম ও সিঙ্গাপুর ১৪৮তম অবস্থানে রয়েছে। বাংলাদেশ রয়েছে ১৮১তম স্থানে।



