গাজীপুরের কাপাসিয়ায় ৪০ কেজি গাঁজাসহ মো. ইসমাইল হোসেন (২৬) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁর এক সহযোগী পালিয়ে গেছেন বলে পুলিশ জানিয়েছে।
আজ শুক্রবার দুপুর পৌনে দুইটার দিকে উপজেলার টোক ইউনিয়নের আড়ালিয়া–ড্রেনেরঘাট সড়কের শিমুলতলী সেতু এলাকায় অভিযান চালিয়ে ইসমাইলকে গ্রেপ্তার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন টোক নয়ন বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম।
পুলিশ জানায়, কয়েকজন ব্যক্তি বিক্রির উদ্দেশ্যে গাঁজা নিয়ে শিমুলতলী সেতুর পাশে অবস্থান করছেন—এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তাঁরা পালানোর চেষ্টা করেন। এ সময় ইসমাইলকে গ্রেপ্তার করা হলেও মো. রাসেল (২৮) নামের একজন পালিয়ে যান।
ইসমাইলের হাতে থাকা একটি বস্তা এবং তাঁর দেখানো স্থান থেকে আরও একটি বস্তা ও দুটি ব্যাগ উদ্ধার করা হয়। এগুলোর ভেতর কস্টেপ দিয়ে মোড়ানো কয়েকটি প্যাকেটে মোট ৪০ কেজি গাঁজা পাওয়া গেছে বলে পুলিশ দাবি করেছে।
গ্রেপ্তার ইসমাইলের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার কেশবপুর গ্রামে। পলাতক রাসেল একই উপজেলার নোয়াগাঁও শ্রীপুর গ্রামের বাসিন্দা।
এ ঘটনায় এসআই রফিকুল ইসলাম বাদী হয়ে ইসমাইল ও রাসেলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কাপাসিয়া থানায় মামলা করেছেন। রাসেলকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।



