জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে ভাষণ দিয়ে নিজের পরিবারের তৃতীয় সদস্য হিসেবে একই মঞ্চে বক্তব্য দেওয়ার নজির স্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিউইয়র্কের স্থানীয় সময় বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘ সদর দপ্তরে তিনি প্রথমবারের মতো সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে ভাষণ দেন। বাংলাদেশ সময় শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ভোরে তাঁর ভাষণ শুরু হয়।
এর আগে তারেক রহমানের বাবা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের রাষ্ট্র বা সরকারপ্রধান হিসেবে বক্তব্য দিয়েছেন। ফলে তারেক রহমানের ভাষণের মধ্য দিয়ে একই পরিবারের তিন সদস্যের জাতিসংঘ সাধারণ পরিষদের সঙ্গে সম্পৃক্ততার নতুন অধ্যায় যুক্ত হলো।
তারেক রহমান তাঁর ভাষণ বাংলায় দেন। বক্তব্যে তিনি বাংলাদেশের বিভিন্ন জাতীয় অগ্রাধিকার ও আন্তর্জাতিক ইস্যু তুলে ধরেন। বিশ্ব শান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, অর্থনৈতিক সহযোগিতা, অভিবাসন এবং রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন বিষয় তাঁর বক্তব্যে গুরুত্ব পায়।
জাতিসংঘে বক্তব্যের শুরুতে তারেক রহমান তাঁর বাবা জিয়াউর রহমান ও মা খালেদা জিয়ার জাতিসংঘে বক্তব্য দেওয়ার প্রসঙ্গ উল্লেখ করেন। তিনি বলেন, একই মঞ্চে দাঁড়িয়ে তিনি বাংলাদেশের জনগণ ও দেশের স্বার্থের কথা তুলে ধরছেন।
জিয়াউর রহমানের মাধ্যমে শুরু
তারেক রহমানের পরিবারের জাতিসংঘ সাধারণ পরিষদের সঙ্গে সম্পৃক্ততার প্রথম দৃষ্টান্ত স্থাপন করেন তাঁর বাবা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ১৯৮০ সালের ২৬ আগস্ট জাতিসংঘ সাধারণ পরিষদের ১১তম বিশেষ অধিবেশনে তিনি বক্তব্য দেন। জাতিসংঘের সরকারি নথিতেও ওই অধিবেশনে জিয়াউর রহমানের বক্তব্যের তথ্য রয়েছে।
ওই বক্তব্যে তিনি নতুন আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থা, উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর মধ্যে বৈষম্য, দারিদ্র্য ও ক্ষুধা এবং আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তার বিষয় তুলে ধরেন।
খালেদা জিয়ার একাধিক ভাষণ
এর ১৩ বছর পর, ১৯৯৩ সালের ১ অক্টোবর জাতিসংঘ সাধারণ পরিষদের ৪৮তম অধিবেশনে বক্তব্য দেন তারেক রহমানের মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।
জাতিসংঘের কার্যক্রমের তথ্যের ভিত্তিতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৯৩ থেকে ২০০৫ সালের মধ্যে খালেদা জিয়া সাধারণ পরিষদের কার্যক্রমে পাঁচবার বক্তব্য দেন। এর মধ্যে ১৯৯৫ সালে জাতিসংঘের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকীর বিশেষ সভা, ২০০২ সালে শিশু বিষয়ক ২৭তম বিশেষ অধিবেশন এবং ২০০৫ সালে ৬০তম অধিবেশনের সময় দুটি পৃথক সভায় তাঁর বক্তব্য ছিল।
তারেক রহমানের এবারের ভাষণের মধ্য দিয়ে জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমান—একই পরিবারের তিন সদস্যের জাতিসংঘ সাধারণ পরিষদের সঙ্গে সম্পৃক্ততার ধারাবাহিকতা পূর্ণ হলো। পরিবারের এই সম্পৃক্ততা ১৯৮০ সাল থেকে চার দশকের বেশি সময় ধরে বিস্তৃত।



