বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর উত্তর-পূর্ব রিজিয়ন, সরাইলের অধীন ১৩টি ব্যাটালিয়ন গত নয় মাসে সীমান্ত এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে প্রায় ৯৩১ কোটি ২৭ লাখ টাকা মূল্যের অবৈধ চোরাচালানি মালামাল ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন ব্যাটালিয়নের অধিনায়ক এ কে এম জাকারিয়া কাদির।
তিনি জানান, চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত সরাইল রিজিয়নের অধীন সিলেট, কুমিল্লা, ময়মনসিংহ ও শ্রীমঙ্গল সেক্টরের ২১১টি বিওপির সদস্যরা সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি ও টহল কার্যক্রম পরিচালনা করেছেন।
বিজিবির তথ্যমতে, গত নয় মাসের অভিযানে ১১টি পিস্তল, ৭টি এয়ার গান, ৫টি পাইপ গান ও ৬২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ১৯ কেজি উচ্চ বিস্ফোরক দ্রব্য ও ১১৭টি ডেটোনেটর জব্দ করা হয়।
মাদকবিরোধী অভিযানে ৩ লাখ ১২ হাজারের বেশি ইয়াবা, ১৩ হাজার ৮০৮ কেজি গাঁজা এবং ৬২ হাজারের বেশি বোতল বিদেশি মদসহ বিভিন্ন ধরনের দেশি-বিদেশি মাদক জব্দ করা হয়েছে।
সীমান্ত অপরাধ ও চোরাচালানের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে একই সময়ে ৩০৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ ছাড়া পরিবেশ রক্ষায় ময়মনসিংহ অঞ্চলে নদী থেকে অবৈধভাবে পাথর ও বালু উত্তোলন প্রতিরোধে অভিযান চালিয়ে প্রায় ১৬ হাজার ঘনফুট পাথর এবং সাড়ে ৭ হাজার ঘনফুট বালু জব্দ করেছে বিজিবি।
সরাইল রিজিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত সুরক্ষার পাশাপাশি দেশের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও দুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তা কার্যক্রমও অব্যাহত রেখেছে বিজিবি।



