পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় করতোয়া নদীর পাড়ে সড়কের পাশের একটি খাল থেকে রেজাউল করিম রেজা (৪০) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে বকুলতলা-তুলারডাঙ্গা সড়কের পাশের খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত রেজাউল করিম রেজা পঞ্চগড় পৌরসভার রাজনগর এলাকার বাসিন্দা। তিনি ঠাকুরগাঁও সদর উপজেলার ভেলাজান এলাকার মোস্তফা কামালের ছেলে। পঞ্চগড় সদর থানার সামনে জেলা পরিষদের মার্কেটে তার একটি কম্পিউটারের দোকান ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে দোকান বন্ধ করে বাড়িতে ফেরেন রেজা। খাবার খাওয়ার পর ঘুমের ওষুধ খাওয়া নিয়ে স্ত্রীর সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। এরপর রাতে তিনি ঘর থেকে বের হয়ে যান। পরদিন সকালে সড়কের পাশের খালে তার মরদেহ পাওয়া যায়।
খবর পেয়ে পুলিশ ও সিআইডির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। পরে সুরতহাল ও ক্রাইম সিনের আলামত সংগ্রহ করে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
নিহতের বাবা মোস্তফা কামাল দাবি করেন, তার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচার দাবি করেন।
পঞ্চগড়ের পুলিশ সুপার আবু সাইম জানান, ওই ব্যক্তির মৃত্যুর রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে। পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



