গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় আব্দুল মমিন (৩৬) নামে এক আওয়ামী লীগ কর্মীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন গাইবান্ধা জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোতালিব হোসেন।
পুলিশ জানায়, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল গোবিন্দগঞ্জ উপজেলার মহিষমুড়ি গ্রামে অভিযান চালায়। এ সময় নিজ বাড়ি থেকে আব্দুল মমিনকে আটক করা হয়।
আব্দুল মমিন মহিষমুড়ি গ্রামের আব্দুর রশিদের ছেলে। পুলিশ তাকে আওয়ামী লীগের কর্মী হিসেবে উল্লেখ করেছে।
পরে গোবিন্দগঞ্জে বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। আদালতে পাঠানো হলে বিচারক তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।



