হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের দুর্ভোগ, কর্তৃপক্ষের উদাসীনতা ও অনিয়মের প্রতিবাদ করায় বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামানকে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
রোববার (৪ অক্টোবর) ‘কোনো মানুষই ভুলের ঊর্ধ্বে নয়’ শিরোনামে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে দলটির আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এ প্রতিবাদ জানান।
বিবৃতিতে বলা হয়, মেজর (অব.) আখতারুজ্জামান বিমানবন্দরে যাত্রীসাধারণ, বিশেষ করে বিদেশফেরত প্রবাসীদের প্রতিবাদের কণ্ঠে পরিণত হয়েছিলেন। তার প্রতিবাদের কারণে সৃষ্ট ত্রুটিগুলো সংশোধনের পথ না বেছে উল্টো তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করে জামায়াত।
বিবৃতিতে আরও বলা হয়, দুইবারের সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামানকে জনসমক্ষে অপমানের বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।
জামায়াতের বিবৃতিতে দাবি করা হয়, অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করে আখতারুজ্জামান বীরত্বের প্রমাণ দিয়েছেন এবং ভুক্তভোগী মানুষের কাছে গ্রহণযোগ্যতা তৈরি করেছেন।
দলটির আমির ডা. শফিকুর রহমান তার সম্মান বৃদ্ধির জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন।



