মানিকগঞ্জের সদর উপজেলার ধলেশ্বরী নদী থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মাথাবিহীন ও অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১০ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের চর কৃষ্ণপুর দক্ষিণপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, নিহত নারীর পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। তার বয়স আনুমানিক ৪০ বছর বলে ধারণা করা হচ্ছে। মরদেহের সঙ্গে মাথা পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুরে চর কৃষ্ণপুর দক্ষিণপাড়া এলাকায় ধলেশ্বরী নদীতে এক নারীর মাথাবিহীন মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ বিকেলে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
পরে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে সন্ধ্যায় মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, ওই নারীকে হত্যার পর তার মরদেহ নদীতে ফেলে দেওয়া হয়েছে। পরে স্রোতে ভেসে মরদেহটি চর কৃষ্ণপুর এলাকায় আসে।
ওসি আরও জানান, নিহত নারীর পরিচয় এবং হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করা গেলে ঘটনার রহস্য উদ্ঘাটন সম্ভব হবে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।



