পরীক্ষামূলক সংস্করণ

বিক্ষোভের মুখে ৫০০ স্কুল বন্ধ করল ফ্রান্স

শিক্ষার্থীদের বিক্ষোভ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের জেরে ফ্রান্সে ৪০০ থেকে ৫০০টি স্কুল একদিনের জন্য আংশিক বা পুরোপুরি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার (৪ অক্টোবর) দেশটির শিক্ষামন্ত্রী এদুয়ার জেফ্রে জানান, নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় সোমবার (৫ অক্টোবর) এসব স্কুলে পাঠদান পুরোপুরি বা আংশিকভাবে স্থগিত থাকবে।

তিনি জানান, বিক্ষোভ শুরুর পর থেকে ফ্রান্সে ২৪টি স্কুলে আগুন দেওয়া হয়েছে অথবা ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে।

গত সপ্তাহে শুরু হওয়া বিক্ষোভে হাজারো শিক্ষার্থী অংশ নিয়েছে। শিক্ষার মান ও স্কুলের বিভিন্ন সমস্যা নিয়ে শুরু হওয়া আন্দোলন রাজধানী প্যারিস ছাড়িয়ে মনপেলিয়ে, নঁত ও মার্সেইসহ অন্যান্য শহরেও ছড়িয়ে পড়েছে।

শিক্ষার্থী ও তাদের সমর্থকদের অভিযোগ, অনেক স্কুলে পর্যাপ্ত শিক্ষক নেই, শ্রেণিকক্ষে অতিরিক্ত শিক্ষার্থী রয়েছে এবং বেশ কিছু স্কুল ভবন জরাজীর্ণ অবস্থায় রয়েছে।

ফ্রান্সের বিচারমন্ত্রী জেরাল্ড দারমানিন শুক্রবার জানিয়েছিলেন, সহিংস বিক্ষোভের কারণে দেশটির ৩ হাজার ৭০০ স্কুলের মধ্যে ৭৩৫টি কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

শিক্ষামন্ত্রী জেফ্রে সতর্ক করে বলেন, সোমবারও ক্ষতিগ্রস্ত বা বন্ধ থাকা স্কুলের সংখ্যা শুক্রবারের কাছাকাছি থাকতে পারে। তবে ধীরে ধীরে এবং আংশিকভাবে পাঠদান স্বাভাবিক করার আশ্বাস দেন তিনি।

জেফ্রে অভিযোগ করেন, কিছু উগ্র বামপন্থি কর্মী উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনে যুক্ত হয়ে সেটিকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে সহিংসতায় জড়িয়েছে। এতে শিক্ষক ও শিক্ষার্থীদের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়েছে বলেও তিনি দাবি করেন।

শিক্ষামন্ত্রী আরও জানান, বিক্ষোভে শিক্ষা বিভাগের ৭৮ জন কর্মী আহত হয়েছেন। তার ভাষায়, এমন ঘটনা আগে কখনো দেখা যায়নি।

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ জানান, শুধু শুক্রবারই ১ হাজার ৭৪৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এএফপির তথ্য অনুযায়ী, আন্দোলন শুরুর পর দেশজুড়ে ৫ হাজারের বেশি মানুষ গ্রেপ্তার হয়েছেন। তাদের প্রায় ৮৫ শতাংশই অপ্রাপ্তবয়স্ক।

এদিকে আন্দোলনের আয়োজকেরা মঙ্গলবারও বিক্ষোভ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। সরকারের পক্ষ থেকে ‘কংক্রিট কোনো পদক্ষেপ’ নেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন তারা।

রোববার ফ্রান্সের প্রধানমন্ত্রী সেবাস্তিয়েন লেকর্নু বলেন, উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষা বিভাগের কর্মীদের সমস্যার সমাধানে সরকার আরও পদক্ষেপ নিচ্ছে।

তিনি জানান, এর মধ্যে রয়েছে ক্লাস চালু রাখা, স্কুলের অবকাঠামো উন্নয়ন, শিক্ষার্থীদের দৈনন্দিন কার্যক্রম আরও ভালোভাবে সাজানো এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্ল্যাটফর্মকে আরও স্বচ্ছ করা।

এ ছাড়া ভাঙচুরের ক্ষতিপূরণ সংক্রান্ত ‘ভ্যান্ডাল-পে’ বিলের পর্যালোচনাও দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে। প্রস্তাবিত ব্যবস্থায় সরকারি-বেসরকারি সম্পদের ক্ষতি করলে সংশ্লিষ্ট ব্যক্তিকেই ক্ষতিপূরণের ব্যয় বহন করতে হবে।

প্রধান খবর

তেঁতুলিয়ায় তাপমাত্রা নামল ২০.৫ ডিগ্রিতে

আশ্বিনের শেষপ্রান্তে তেঁতুলিয়ায় চলতি মৌসুমের সর্বনিম্ন ২০.৫ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড হয়েছে। রাতভর বৃষ্টি, কুয়াশা ও হিমেল বাতাসে উত্তরাঞ্চলে শীতের আমেজ তৈরি হয়েছে।

সবার জন্য নিরাপদ আবাসন সময়ের দাবি: প্রধানমন্ত্রী

সবার জন্য নিরাপদ, টেকসই ও সাশ্রয়ী আবাসন নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিকল্পিত নগরায়ণ, বিকেন্দ্রীভূত উন্নয়ন ও পরিবেশবান্ধব আবাসন গড়তে সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও জানান।

প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

পরিকল্পিত নগরায়ন, নিরাপদ আবাসন ও টেকসই নগর গড়তে দেশের প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আসছে...